বগুড়ায় মাটির দেয়ালে চাপা পড়ে ঘুমন্ত ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০২:৫৪ পিএম

বগুড়ার শাজাহানপুরে মাটির দেয়ালের চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মো. কিবরিয়া (৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন।

রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলতলা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কিবরিয়া রাজশাহীর বুধপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে ফুলতলা পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় একাই বসবাস করছিলেন এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। কিবরিয়ার স্ত্রী সাথে তার ডিভোর্স হয়ে গেছে।  রাজশাহীতে থাকা তার একমাত্র মেয়ে পড়াশোনা করছে।

এসআই আল মাহমুদ জানান, শনিবার রাত থেকে বগুড়ায় ভারী বৃষ্টি শুরু হয় এবং সকালে এর তীব্রতা বাড়ে। অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির মাটির দেয়াল ধসে ঘুমন্ত কিবরিয়ার ওপর পড়ে।

এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত