এক ওভারে ৪৫ রান! উসমান গনির ব্যাটে নতুন বিশ্বরেকর্ড

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৬:৫৪ পিএম

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান এখন ৩৯। এই কীর্তি গড়েছিলেন সামোয়ার ব্যাটার দারিয়াস ভিসার, ভানুয়াতুর বিপক্ষে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে এক ওভারে ৪৫ রান নেয়ার ঘটনা ঘটেছে। এই কান্ডটি ঘটিয়েছেন আফগানিস্তানের ব্যাটার উসমান গনি। 

১ আগস্ট লন্ডনের উইম্বলডনে ইউরোপিয়ান ক্রিকেট সিরিজ টি-১০ টুর্নামেন্টের ম্যাচে গিলফোর্ডের বিপক্ষে লন্ডন কাউন্টির হয়ে ওপেন করতে নেমে ৯ বলের ওভারে ৪৫ রান করেন আফগানিস্তানের হয়ে ১৭ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলা উসমান গনি।   

ওভারের বলগুলোর পরিসংখ্যান ছিল: ৬, নো বল, ৬, ৪, ওয়াইড, ৬, ৪, নো বল, ৬, ০, ৬, ৪

মাত্র ৪৩ বলে অপরাজিত ১৫৩ রান করেন উসমান গনি! তাঁর ইনিংসে ছিল ১৭টি ছয় ও ১১টি চার। ১৯ বলে ৬১ রান করা ইসমাইল বাহরামিকে নিয়ে ১০ ওভারে ২২৬ রানের তুলে ফেলেন তিনি।  প্রতিপক্ষ গিল্ডফোর্ড ১৫৫ রানেই থেমে যায়। 

২৯ বছর বয়সী উসমান গনি আফগানিস্তানের হয়ে খেলেছেন ১৭টি ওয়ানডে ও ৩৫টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ। ২০১৪ সালে তাঁর আন্তর্জাতিক অভিষেক হলেও, ২০২৩ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে খেলা থেকে বিরতি নেন। তিনি তখন বলেছিলেন, "বোর্ডে সঠিক ম্যানেজমেন্ট এবং সৎ নির্বাচন কমিটি না থাকলে আমি ফিরব না।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত