রংপুর জেলার কাউনিয়ায় সারের দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। এতে আহত হন পাঁচজন।
রবিবার (৩ আগস্ট) রাত ৯টায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহাবাজ আমতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্ব পাড়া এলাকার জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, আমতলী বাজারে নজর আলী নামে ব্যবসায়ীর সারের দোকান উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রায় ৫০ জন উপস্থিত হন। দোকানে মিলাদ মাহফিল ও জিকিরের আয়োজন চলছিল। বাহিরে দোকান ঘরের সঙ্গে কাঁচা বাঁশের খুঁটিতে মাইক লাগানো ছিল। ঘটনার সময় বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হলে বাঁশের মাথা ১১ কেভি ভোল্টের বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে মাইক লাগানো বাঁশসহ টিন দিয়ে ঘেরা দোকান৷ ঘরটি বিদ্যুতায়িত হয়।
ওসি জানান, এসময় দোকান ঘরের ভেতর জিকিররত টিনের সঙ্গে লেগে থাকা শাহাবুদ্দিন ও শরিফুলসহ সাতজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
পরে তাদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শাহাবুদ্দিন ও শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, আহত পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি তিনজনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
