বিজয়নগরে দুর্ঘটনায় ৫ মৃত্যু

মোটরসাইকেল আরোহী কারও মাথায় ছিল না হেলমেট

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৯:২২ এএম

তিন বন্ধু লোকমান হোসেন, তুহিন হাসান ও সুমন হোসেন। তিনজনই সৌদিপ্রবাসী। ছুটিতে দেশে এসেছিলেন। ছুটি শেষে ১০-১৫ দিনের মধ্যেই বিদেশে ফিরে যাওয়ার কথা ছিল।

রবিবার বিকালে তিন বন্ধু একই মোটরসাইকেলে বেড়াতে বের হন। সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তিনজনই। আর প্রবাসে ফেরা হলো না তাদের।

বিকাল সাড়ে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ওই তিন বন্ধুসহ পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন- সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের সুমন হোসেন (২৮), সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের তুহিন হাসান (২৮) ও একই গ্রামের লোকমান হোসেন (২৯) এবং আরেক মোটরসাইকেলের আরোহী বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের হোসেন আকরাম এবং আকরামের মোটরসাইকেলের পেছনে থাকা রংপুরের খামার মোহনা গ্রামের মো. মনিরুজ্জামান (৩৫)।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার বাড়িউড়া থেকে রোববার বিকালে একটি মোটরসাইকেলে তিন বন্ধু সুমন, লোকমান ও তুহিন ঢাকা–সিলেট মহাসড়ক দিয়ে বিজয়নগর উপজেলার চান্দুরার উদ্দেশে বেড়াতে বের হন। সুমন মোটরসাইকেল চালাচ্ছিলেন। অন্যদিকে বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে একটি মোটরসাইকেলে সরাইল বিশ্বরোডের উদ্দেশে রওনা হন আকরাম হোসেন ও মো. মনিরুজ্জামান।

বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আকরামের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। একই সময় সরাইল বিশ্বরোড মোড় থেকে ছেড়ে আসা হবিগঞ্জের মাধবপুরগামী একটি অটোরিকশা পেছন থেকে মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে ওই পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও দুজন।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। তাদের কারও মাথায় হেলমেট ছিল না বলে স্থানীয়রা জানান।

সরাইল বাড়িউড়া গ্রামের লোকজন জানান, লোকমান, সুমন ও তুহিন কয়েক মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। ১৭ দিন আগে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে লোকমান বিয়ে করেছিলেন। ১০-১৫ দিনের মধ্যে তিনজনেরই সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশার চালক ও যাত্রীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহতদের কারো মাথায় হেলমেট ছিল না বলে ওসি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত