ইসরায়েলের হুমকি এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর প্রধান আমির হাতামি। রবিবার (৩ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়, যা ‘১২ দিনের যুদ্ধ’ নামে পরিচিত। এই হামলার জবাবে তেহরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া জানায়।
হাতামি বলেন, ‘১% হুমকিও ১০০% হুমকি হিসেবে বিবেচনা করতে হবে। আমরা শত্রুকে অবমূল্যায়ন করতে পারি না বা ধরে নিতে পারি যে তাদের হুমকি শেষ হয়ে গেছে।’
তিনি আরও জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি এখনো ‘পূর্ণ সক্ষমতায় সক্রিয় এবং অভিযান চালানোর জন্য প্রস্তুত।’
এর আগে জুলাই মাসে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি ইরান আবার হুমকি দেয়, তবে ইসরায়েলও ফের হামলা চালাবে।
