সরকারের শুধু নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোও দেখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ সোমবার (৪ আগস্ট) আগারগাঁওয়ে এনবিআর ভবনে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে আয়োজিত সেমিনারে তিনি এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
এসময় ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। এখন থেকে অনলাইন ছাড়া কোনো রিটার্ন জমা নেবে না এনবিআর।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না।
অর্থ উপদেষ্টা বলেন, আমার জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু সরকারের নেতিবাচক আর ভুল বিষয়গুলোই দেখেন। তারা শুধু দেখেন-এটা নেই, সেটা নেই কিন্তু ভালো বিষয়গুলোর দিকেও নজর দেওয়া দরকার।
সরকারের ভুল যে নেই সেটি নয় উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ভুলের সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। এতে সংশোধন করা যাবে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ডিজিটাইজেশনের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। এখন থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআরের যে সুনাম আছে সেটি ধরে রাখার পরামর্শও দিয়েছেন তিনি।
এনবিআরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ইউনিটির (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা, সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুবিনুল কবীর, সদস্য (কর নীতি) বদিউল আলম চৌধুরী, সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান প্রমুখ।
