সাবেক প্রধান বিচারপতিসহ ৮ জনের নামে মামলা

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:১৭ এএম

ক্ষমতার অপব্যবহার করে বিধিবহির্ভূতভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন গতকাল সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মামলার অন্য আসামিরা হলেনÑ রাজউকের সাবেক সদস্য (এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সাবেক সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সাবেক সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সাবেক সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।

মামলার এজাহারে বলা হয়, রাজধানীর শিক্ষা সম্প্রসারণ সড়কে (নায়েম রোড) প্রায় ১৮ কাঠা জমির ওপর ছয়তলা বাড়ি থাকার পরও খায়রুল হক প্রধান বিচারপতি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিলের মাধ্যমে পূর্বাচল আবাসিক প্রকল্পে ১০ কাঠা জমির একটি প্লট বরাদ্দ নেন। ২০০৪ সালের ২১ জানুয়ারিতে রাজউক সাময়িক বরাদ্দপত্র জারি করে। সেখানে বলা হয়, প্রথম কিস্তি হিসেবে ৬ লাখ ৫০ হাজার টাকা ওই বছরের ৩১ মার্চের মধ্যে ব্যাংক ড্রাফটের মাধ্যমে পরিশোধ করতে হবে, না হলে বরাদ্দ বাতিল হবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় বরাদ্দ বাতিল হয়, কিন্তু পরে তা পুনরায় কার্যকর করা হয় বিধি লঙ্ঘন করে। তিনি নিজের ও অন্যদের আর্থিক সুবিধা নিশ্চিতে রাজউকের কর্মকর্তাদের সহায়তায় এটি করেন। দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি অনুসন্ধান দল খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত