রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের ভিতরে দুর্বৃত্তের গুলিতে আহত চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাবেক নেতা জামাল হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৪ আগস্ট) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে মৃত্যু হয় তার।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই মো. সালাউদ্দিন সজল।
এরআগে ১ আগস্ট রাত সোয়া ৮টার দিকে এই গুলির ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।
নিহতের বড় ভাই সালাউদ্দিন সজল বলেন, গুলিটি মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোখের পাশ দিয়ে বেরিয়ে গেছে। মুমূর্ষু অবস্থায় সেদিনই তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ঘটনার দিন জামাল হোসেনের আরেক ভাই জসিম উদ্দিন জানান, জামাল হাসপাতালটির চতুর্থ শ্রেণির কর্মচারী এবং কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। থাকেন বক্ষব্যধি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে। ওই রাতে চতুর্থ শ্রেণির অফিসের সামনে মাস্ক পরিহিত দুজন ব্যক্তি জামালের মাথায় গুলি করে পালিয়ে যায়।
তিনি জানান, সামনে হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচন। জামাল আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে প্রচার প্রচারণা করছিলেন। তবে তাকে কিছু লোক নির্বাচন না করতে ফোনে হুমকি ধামকি দিচ্ছিল। ধারণা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে তারাই জামালকে গুলি করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঘটনাটিতে বনানী থানায় মামলা হয়েছে। তারা ঘটনার তদন্ত করছে।
