অনলাইনে প্রথম দিনেই ১০ হাজারের বেশি রিটার্ন দাখিল

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১১:৩৪ এএম

সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের জন্য অনলাইনে ই-রিটার্ন জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। 

উদ্বোধন দিনেই করদাতাদের ব্যাপক সাড়া পাওয়া যায়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, প্রথম দিনেই ১০,২০২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। গত বছর ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৯ সেপ্টেম্বর ই-রিটার্ন কার্যক্রম শুরু হলে প্রথম দিনে রিটার্ন জমা দিয়েছিলেন ২,৩৪৪ জন। এবার সেই সংখ্যা প্রায় পাঁচ গুণ বেশি।

এনবিআর আজ মঙ্গলবার (৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ আগস্ট এক বিশেষ আদেশে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে থাকা বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধি ছাড়া সবাইকে অনলাইনে (www.etaxnbr.gov.bd) রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

তবে কারও যদি ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন নিয়ে সমস্যা হয়, তাহলে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তখন পেপার রিটার্ন জমা দেওয়া যাবে।

গত বছর সীমিত আকারে ই-রিটার্ন বাধ্যতামূলক করা হলে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দেন। করদাতারা এখন বাড়ি বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারেন। এ ছাড়া অনলাইনে রিটার্ন জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট করা যায়।

ই-রিটার্ন জমা দেওয়ার সময় কোনো সমস্যা দেখা দিলে এনবিআরের কলসেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত