বগুড়ার কাহালুতে জমির ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে কাহালু উপজেলার প্রত্যন্তগ্রাম কর্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ওসি বলেন, সকালে কর্নিপাড়ার স্থানীয় বাসিন্দারা বাচ্চু ইটভাটার পাশে কৃষি জমির ড্রেনের পানিতে মরদেহটি ভাসতে দেখে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগের হওয়ায় মরদেহ ফুলে গেছে ও বিকৃত হয়েছে।
ওসি আরও বলেন, মরদেহটি মানসিক ভারসাম্যহীন কারও হতে পারে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
