ইনজুরি কাটিয়ে ছন্দে ফিরছেন ব্রাজিল তারকা নেইমার। এবার সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান সিরি আ লিগে জুভেনতুদের বিপক্ষে জোড়া গোল করে ৩-১ ব্যবধানে দলকে জিতিয়েছেন। ভাঙা-গড়ার মধ্য দিয়ে পুনর্গঠনের চেষ্টায় থাকা ব্রাজিল ফুটবলের জন্য আপাতত এটাই বড় সুসংবাদ।
বাংলাদেশ সময় গতকাল ভোরে মরুম্বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৭ মিনিটেই সান্তোসকে এগিয়ে দেন নেইমার। আর্জেন্টাইন উইঙ্গার আলভারো ব্যারেলের ক্রস থেকে নেইমারের শট গোলকিপার ঠেকিয়ে দিলেও বল হাতে জমাতে পারেননি। তিনি ভারসাম্য হারিয়ে পড়ে গেলে ফাঁকা জালে বল পাঠান নেইমার। স্রেফ তিন মিনিট পর সতীর্থের থেকে বল পেয়ে আলভারো ব্যারেল নিজেই ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধে নাটকের তখনো বাকি ছিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্সেলো হার্মিসের কর্নার কিক থেকে ব্যবধান কমান জুভেনতুদের উইলকার অ্যাঞ্জেল। বিরতির পর ৫২তম মিনিটে নেইমার হলুদ কার্ড দেখেন। রেফারি তাকে সতর্ক করে দেন। সেই রাগেই কি না ৮০তম মিনিটে আরেকবার বল জালে পাঠান নেইমার। পেনাল্টি স্পটকিক থেকে গোলের মাঝ বরাবর তার ডান পায়ের নিচু শট ঠেকাতে গিয়ে জুভেন্তদের গোলকিপার রুয়া কার্নেইরো ভারসাম্য হারান।
জাতীয় দল ও ক্লাব পর্যায় মিলিয়ে প্রায় দুই বছর পর কোনো ম্যাচে নেইমার একাধিক গোল করলেন। সবশেষ ব্রাজিল জাতীয় দলে কোচ ফার্নান্দো দিনিজের অভিষেকের সময় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন। এই জয়ে সান্তোসের পয়েন্ট হয়েছে ১৮ এবং তারা রেলিগেশন জোন থেকে ১৫তম স্থানে উঠে এসেছে।
ম্যাচটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন ব্রাজিল জাতীয় দলের একাধিক কোচিং স্টাফ ও কর্মকর্তা। কোচ কার্লো আনচেলত্তির পক্ষে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সমন্বয়কারী রদ্রিগো কায়েতানো, টেকনিক্যাল ম্যানেজার হুয়ান এবং ফিজিক্যাল ট্রেইনার ক্রিস্টিয়ানো নুনেস। তারা নেইমারের ফর্ম পর্যবেক্ষণ করেছেন। ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত বাছাইপর্বে ব্রাজিল দলে জায়গা পেতে চেষ্টা করছেন নেইমার। আগামী ৪ সেপ্টেম্বর চিলি এবং ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে ব্রাজিলের।
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘দুই গোল করতে পেরে খুশি, জয়টা আরও গুরুত্বপূর্ণ। মনে হচ্ছে, আমাদের দল এখন ধীরে ধীরে আরও ভালো করবে। অবশ্য আজ অনেক ভুল করেছি, যা আর করা যাবে না। প্রতিদিন আমাদের উন্নতি করতে হবে।’ জাতীয় দলে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই জানে আমি কেমন খেলোয়াড়। আমি প্রস্তুত। আমি এখনো নিজেকে ফিট অনুভব করি। সিদ্ধান্তটা ওদের (কোচদের) ওপর।’
৩৩ বছর বয়সী নেইমার বার্সেলোনা ও পিএসজিতে খেলার পর আবার সান্তোসে ফিরে এসেছেন এবং ২০২৫ মৌসুমের অন্যতম সেরা নৈপুণ্য প্রদর্শন করেন এই ম্যাচে। ম্যাচসেরা হওয়ার পাশাপাশি দর্শকদের ভূয়সী প্রশংসাও পান তিনি। ২০২৫ মৌসুমে সান্তোসের হয়ে ১৭টি ম্যাচে ছয় গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন। এই ম্যাচে তার দুটি গোল সান্তোসকে সাময়িকভাবে অবনমন অঞ্চল থেকে বের করে নিয়ে আসে। নেইমারের গতিশীল পারফরম্যান্সে তিনটি গোলেই তিনি জড়িত ছিলেন, এমনকি রক্ষণেও অবদান রাখেন জুভেনতুদের রক্ষণভাগে চাপ সৃষ্টি করেন। তবে প্রতিপক্ষের সঙ্গে তর্কে জড়ানোর কারণে হলুদ কার্ড দেখে বসেন, যা গ্লোবো এস্পোর্তে অনুযায়ী নেইমারের আচরণগত পুনরাবৃত্তি সমস্যার একটি উদাহরণ।
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপের জন্য ব্রাজিল দল গঠন করছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তিনি বিশেষভাবে নজর রাখছেন নেইমারের ফিটনেসের ওপর। ২০২৫ সালে সান্তোসে ফেরার পর থেকে চোটের কারণে নিয়মিত খেলা থেকে দূরে ছিলেন। সোমবারের ম্যাচটি ছিল নেইমারের চলতি মৌসুমে টানা খেলা সবচেয়ে দীর্ঘ ম্যাচগুলোর একটি, যেখানে অপটার পরিসংখ্যান অনুসারে ৮৮ মিনিট মাঠে ছিলেন নেইমার। এ সময় তিনি চারটি গোলের সুযোগ সৃষ্টি করেন এবং ৯টি ডুয়েলের মধ্যে ৬টিতে জয়ী হন। এখন দেখার বিষয় এ ছন্দ কতদিন ধরে রাখতে পারেন নেইমার।
