মেজর হাফিজ বললেন

নির্বাচনের সময় ঘোষণায় কারও কারও মন খারাপ

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৭:৫৪ এএম

নির্বাচনের সময় ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন। গতকাল বুধবার বিকেলে রাজশাহীতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি শেষে পথসভায় তিনি এ কথা বলেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন। তিনি তার কথা রেখেছেন।’

তিনি বলেন, ‘আমরা বিএনপি জনগণের ভোটে ৪ বার ক্ষমতায় গিয়েছি। আমরা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য কখনোই উদগ্রীব ছিলাম না। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে যদি জনগণের নির্বাচিত সরকার না থাকে তাহলে এই দেশের উন্নয়ন হবে না।’

মেজর (অব.) হাফিজ বলেন, দেখা যাচ্ছে দু-একটি দল যাদের জনসমর্থন নেই এদের মধ্যে কেউ কেউ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা জানে জনগণ তাদের ভোট দেবে না। সেই জন্য তাদের মন খুবই খারাপ। নির্বাচন না দিলেই ভালো ছিল। তারা গত এক বছরে নির্বাচনের স্বাদ কিছুটা অনুভব করেছে। তারা চেয়েছিল এভাবেই তারা দিন কাটিয়ে দেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত