নোয়াখালীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হাফেজ মাওলানা মো. বেলাল হোসাইন (৬৫) নামে এক জামায়াত কর্মী মারা গেছেন। তিনি নোয়াখালী জেলা শহর মাইজদীর ৪নং ওয়ার্ডের মুন্সি দিঘীরপাড় সংলগ্ন রশিদ কলোনী জামে মসজিদে দীর্ঘদিন পেশ ইমাম ছিলেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত তিনটায় গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। হাফেজ মাওলানা মো. বেলাল হোসেনের বাড়ি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পশ্চিম শিবপুরের আমিন মার্কেট সংলগ্ন ৬ নং ওয়ার্ডের শাহাপুর গ্রামে। তিনি রশিদ কলোনি ইউনিট জামায়াতের সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছিলেন।
৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মো. হাসানুজ্জামান জানান, বুধবার রাত ৯টায় রশিদ কলোনী মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে মসজিদের সামনে ফোরলেন সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স বেলাল হোসেনকে ধাক্কা দেয়। পরে তাকে স্থানীয় একটি প্রাইভেট হসপিটালে নিলে চিকিৎসকরা ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেয়ার পথে রাত ৩টায় তিনি অ্যাম্বুলেন্স এ মৃত্যুবরণ করেন।
দীর্ঘ সময় ধরে হাফেজ বেলাল রশিদ কলোনি মসজিদে ইমামতি করায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।
