ইনকিলাব মঞ্চ বর্তমান অন্তর্বর্তী সরকার ভেঙে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি বিপ্লবী ও প্রতিনিধিত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ‘জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদে জন-আকাক্সক্ষার প্রতিফলন’ শীর্ষক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী এই দাবি তুলে ধরেন।
তিনি বলেন, ড. ইউনূসকে প্রধান করে এই অন্তর্বর্তী সরকার ভেঙে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করুন। বিপ্লবী পদক্ষেপ নিন। প্রথম পদক্ষেপ হোক, ক্ষমতায় যিনিই আসুন, তাকে বাহাত্তরের সংবিধান বাতিলের ওয়াদা করতে হবে। যে সংবিধানের মাধ্যমে বাকশাল ও বিচারিক হত্যাকাণ্ড ঘটেছে, তা বাতিল করে জুলাই ঘোষণাপত্র এবং সনদের আলোকে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। ওসমান বিন হাদী একটি স্বাধীন ও প্রতিনিধিত্বশীল পুলিশ কমিশন গঠনের প্রস্তাব দেন।
তিনি আরও বলেন, জনপ্রশাসনে বিসিএস প্রশাসনের একচ্ছত্র আধিপত্য চলবে না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পুলিশ সংস্কার এবং অন্যান্য ক্যাডার সার্ভিসের ক্ষমতায়ন প্রয়োজন। প্রশাসকরা যেন নিজেদের সমান্তরাল রাষ্ট্র না মনে করেন, তা নিশ্চিত করতে হবে।
