চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় দিন ছিল ২০২৪ সালের গণঅভ্যুত্থান। ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিজয় মিছিল শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার এক বছর হলেও আমাদের আন্দোলন ও দায়িত্ব শেষ হয়নি। এখন সময় এসেছে একটি নিরপেক্ষ নির্বাচন আদায়ের। বিএনপি যখন জনগণের ভোটে ক্ষমতায় আসবে, তখন দেশ গড়ার এবং দেশ সংস্কারের কাজ আমরা সবাই মিলে করব। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে ছেংগারচর পৌর এলাকার ঠাকুরচর মোড় থেকে এই বিজয় মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
বিজয় মিছিলে মতলব উত্তর উপজেলা বিএনপি, ছেংগারচর পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ছেংগারচর মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
