গাজীপুরে পরপর দুই সংবাদকর্মীর ওপর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ড গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)।
ফ্রান্সের স্থানীয় সময় রাত ১১টায় সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিটি স্বাক্ষর করেন এফবিজেএ’র সমন্বয়ক ও সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন এবং সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স টোয়েন্টিফোর-এর সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ।
বিবৃতিতে বলা হয়, গত ৬ আগস্ট (বুধবার) গাজীপুরে কর্মরত দৈনিক বাংলাদেশের আলো-এর সংবাদকর্মী আনোয়ার হোসেন সৌরভ (৩৫) দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় মারাত্মকভাবে আহত হন। ঠিক পরদিন ৭ আগস্ট (বৃহস্পতিবার) প্রতিদিনের কাগজ-এর রিপোর্টার আসাদুজ্জামান তুহিন (৩৮) নির্মমভাবে খুন হন ঘটনাস্থলেই।
এফবিজেএ জানায়, সাংবাদিকতার ক্ষেত্রের কোনো অপেশাদার আচরণের বিচার প্রচলিত আইনের মাধ্যমে হওয়া উচিত। কিন্তু নৃশংস হামলা বা হত্যাকাণ্ড কোনোভাবেই বরদাশতযোগ্য নয়। সংগঠনটি দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার পাশাপাশি মাঠপর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষা অত্যন্ত জরুরি বিষয়। সাংবাদিকদের ওপর এমন নির্যাতনের ঘটনায় অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে গণতন্ত্র চরম ঝুঁকিতে পড়বে।
সংগঠনটি আন্তর্জাতিক অঙ্গনেও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে এফবিজেএ দৃঢ় অবস্থানে রয়েছে।সাংবাদিক মহলে এ ঘটনায় প্রবল প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। অনেকেই বিষয়টিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের ভিত্তির ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন।
