তারেক রহমানকে নিয়ে কটূক্তি, গ্রেপ্তার ভাঙচুর মামলায়!

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:২৮ পিএম

তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করায় বরিশালের উজিরপুর উপজেলার সাঁতলায় শওকত বালী শাওন (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

স্থানীয় বিএনপি’র নেতাদের দাবি গ্রেপ্তারকৃত শওকত বালী আওয়ামী লীগের কট্টর সমর্থক ও উজিরপুর উপজেলা আ.লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের ঘনিষ্ঠ সহচর।

সে উজিরপুর উপজেলার উত্তর সাঁতলা গ্রামের মজিবর বালীর পুত্র।

গত ৭ আগস্ট বৃহস্পতিবার সাঁতলায় একটি চায়ের দোকানে শওকত বালী প্রকাশ্যে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন বিশ্ব সন্ত্রাসী। তার এ মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে উজিরপুর থানার পুলিশ শওকত বালীকে গ্রেপ্তার করেন। 

তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অপরাধে শওকত বালী গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে পুলিশ তাকে অফিস ভাংচুর মামলায় গ্রেপ্তার করেছেন। এ ঘটনায় উজিরপুর থানার ওসি আব্দুস সালাম কোন মন্তব্য করতে চাননি ।   

উজিরপুর মডেল থানার উপ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত শওকত বালীকে সাঁতলায় বিএনপির অফিস ভাংচুর মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। সে আমার তদন্তাধীন মামলার আসামি তাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার ও শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত