সুদানের দারফুর অঞ্চলে কুখ্যাত আধাসামরিক গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন বিমানবন্দরে সুদানি বিমান হামলায় সন্দেহভাজন আমিরাতি সামরিক বিমান ধ্বংস হয়েছে। ঘটনায় অন্তত ৪০ সন্দেহভাজন ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে।
বৃহস্পতিবার সুদানি কর্মকর্তারা ও এক বিদ্রোহী উপদেষ্টার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়, বুধবার নিয়ালা বিমানবন্দরে চালানো এই হামলায় অন্তত ৪০ জন কলম্বিয়ান ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কাছে পাঠানো অস্ত্র ও সরঞ্জামের একটি চালান ধ্বংস হয়েছে বলে জানান সুদানি সেনাবাহিনীর দুই কর্মকর্তা এবং আরএসএফ-সমর্থিত দারফুরের এক বিদ্রোহী নেতার উপদেষ্টা।
নাম প্রকাশ না করার শর্তে দুই সেনা কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
২০২৩ সালের এপ্রিলে দেশটির রাজধানী খার্তুমসহ অন্যান্য অঞ্চলে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন রূপ নেয় উন্মুক্ত সংঘাতে। এর ফলে সুদানে নেমে আসে বিশৃঙ্খলা।
এই সংঘাত এখন পূর্ণমাত্রার গৃহযুদ্ধে পরিণত হয়েছে, যাতে এ পর্যন্ত লক্ষাধিক মানুষ নিহত, এক কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত এবং দেশের কিছু অংশ দুর্ভিক্ষে পতিত হয়েছে। যুদ্ধে সংঘটিত হয়েছে ভয়াবহ নৃশংসতা—যার মধ্যে রয়েছে গণহত্যা ও ধর্ষণ—যা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত করছে।
