দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক অশান্তির জের ধরে গ্যাস ট্যাবলেট (একপ্রকার কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছেন স্বামী ও স্ত্রী। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের গোবিন্দ চন্দ্র রায়ের ছেলে মানিক রায় (৪০) ও তার স্ত্রী সুবাসী রানী রায় (৩৫)।
বীরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী ও স্ত্রী দুইজনই একসাথে গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। বিষয়টি বাড়ির লোকজন টের পেরে দ্রুত তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী সুবাসী রায়কে মৃত ঘোষণা করেন ও স্বামী মানিক রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। সেখানে নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি জানার পর সকালে বীরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সদস্য রাজ কিশোর রায় জানান, প্রায় ১৬ থেকে ১৭ বছর আগে মানিক ও সুবাসীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোন সন্তান ছিল না। অভাব অনটন ও দাম্পত্য জীবনে সন্তান না হওয়ায় তাদের সংসারে কলহ লেগেই থাকত। ধারণা করা হচ্ছে এসব কারণে তারা আত্মহত্যা করেছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয় এবং তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তারা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
