বগুড়া

১৭ লাখ টাকায় পুলিশের চাকরি! গ্রেপ্তার ২

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৫:১৯ পিএম

বগুড়ায় ১৭ লাখ টাকায় পুলিশের চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে বগুড়া সদর ও শুক্রবার (৮ আগস্ট) সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার চকরামপুর আকন্দপাড়ার ফজলুল হকের ছেলে মোনারুল ইসলাম (৪০) এবং শাহজাদপুরের ব্রজবেলা এলাকার হবিবার মোল্লার ছেলে সাইফুল ইসলাম (৫৫)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, একটি চক্র আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছিল। এই চক্র সাব্বির তালুকদারের সঙ্গে ১৭ লাখ টাকায় চাকরি দেওয়ার চুক্তি করে। চুক্তির অংশ হিসেবে তারা তার কাছ থেকে ২০ হাজার টাকা ও কাগজপত্র নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী প্রার্থী সাব্বির তালুকদারের অভিযোগের পর বৃহস্পতিবার রাতে পীরগাছা বাজারের তিনমাথায় অভিযান চালিয়ে মোনারুলকে এবং শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তারের সময় মোনারুলের কাছ থেকে নিয়োগ পরীক্ষার আবেদনপত্রের স্ক্যান কপি, প্রার্থীর ছবি, পরীক্ষার মার্কশিটের ফটোকপি উদ্ধার করা হয়। মোনারুলের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিভিন্ন নিয়োগপত্র ও প্রার্থীদের ব্যক্তিগত কাগজপত্র উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত