‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ এই প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (০৯ আগস্ট) সকালে বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে রাজার মাঠে আয়োজন করা হয় এক গণসংগীত এবং আলোচনা সভা।
এ সময় বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি ডা. মং উষাথোয়াইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং।
এ সময় পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ প্রু মাস্টার, সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়ন সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, অ্যাডভোকেট উবা থোয়াই মারমা, আদিবাসী দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক নারী নেত্রী সূচিত্রা তঞ্চঙ্গ্যাসহ বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটি বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত ১১টি আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারণ ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন গণসংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। এ সময় চাকমা, মারমা, ত্রিপুরা, বম, লুসাই, খেয়াং, খুমীসহ ১১টি আদিবাসী জনগোষ্ঠীর নারী ও পুরুষেরা বর্ণিল সাজে এই আয়োজনে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা সরকারকে দ্রুত সময়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের দ্রুত বাস্তবায়ন এবং আদিবাসীদের জীবন ও সংস্কৃতির ধারা উন্নয়নের জন্য জোর দাবি জানান।
