স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১২:৩৬ এএম

রাজশাহী সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রেজা উন-নবী আল মামুনকে (৫৩) মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে হত্যাসহ ১৩ মামলার আসামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শওকত দেওয়ানকে (৪৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

র‌্যাব জানায়, গত শুক্রবার রাতে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় বিক্ষুব্ধ জনতা রেজা উন-নবী আল মামুনকে আটক করে। পরে টহলরত র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গতকাল শনিবার সকালে র‌্যাব-৫-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানাধীন তালাইমারী মোড়ে জনবহুল এলাকায় আওয়ামী লীগের নেতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেজা উন-নবী আল মামুন বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তালাইমারী মোড়ে চায়ের দোকানের সামনে এসে হঠাৎ রাস্তার পাশের আইল্যান্ডের ওপর গাড়ি উঠিয়ে দিলে জনসাধারণ আঘাত পাওয়ার উপক্রম হয়। এ সময় ক্ষুব্ধ জনতা তার গাড়ি ঘিরে ধরলে অনাকাক্সিক্ষত পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়।

র‌্যাব দ্রুত ঘটনাস্থলে গিয়ে মামুনকে হেফাজতে নেয়। গাড়ির ড্রাইভিং লাইসেন্স তল্লাশির সময় তার ব্যাগ থেকে ছয়টি ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজা পাওয়া যায়।

র‌্যাব জানায়, রেজা উন-নবী আল মামুনের মাদক সেবনের রেকর্ড রয়েছে। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

এদিকে মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে হত্যাসহ ১৩ মামলার আসামি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শওকত দেওয়ানকে (৪৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গতকাল শনিবার দুপুরে শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে ডিবির একটি টিম জেলা পরিষদ কার্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় হত্যাসহ ১৩ মামলার আসামি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শওকত দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত