চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে। তবে জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে আমরা যে যেই দলই করিনা কেন আমাদেরকে দেশের স্বার্থের জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (১০ আগস্ট) রাতে নগরীর লালখান বাজার সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জুলাই গনঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত প্রকৌশলী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর আওয়ামী দুঃশাসন ও জুলাই আগষ্টের গনঅভ্যুত্থানের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, “বিগত এক বছরের প্রাপ্তি বিশ্লেষণ করলে দেখা যায়, মূলত বিভাজনের রাজনীতির কারণে আমরা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। যদি আমরা ঐক্যবদ্ধতার রাজনীতিতে আসতে পারি, তাহলে শহীদদের রক্তদান বৃথা যাবে না। তাই নতুন বাংলাদেশ গড়তে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই, যেখানে মানুষ তাদের সব অধিকার ফিরে পাবে।”
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম শাখার সভাপতি সেলিম মো. জানে আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, আইইবি'র ভাইস চেয়ারম্যান প্রকৌশলী খান মন্জুর মোর্শেদ, শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূইয়া, এটিএম তানভীর উল হাসান তমাল, আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক কে এম আসাদুজ্জামান চুন্নু, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বেসরকারী হাসপাতাল এন্ড ডাইগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. একেএম ফজলুল হক ও এফইবি চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম।
