শিশুকে পুকুরে ফেললেন সৎবাবা উদ্ধার পথচারীর

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:০১ এএম

এক শিশুকে দিনভর মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাতে রাস্তার পাশের পুকুরে হত্যার উদ্দেশ্যে ফেলে দিয়ে চলে যান এক সৎবাবা। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম তাসিন (৬)। সে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। শিশু তাসিন জানায়, তার বাবার মৃত্যুর পর বড়ভাই বিপ্লবসহ তারা মা ববিতা বেগমের কাছেই থাকত। ৬-৭ মাস আগে লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সঙ্গে তার মা ববিতা বেগমের বিয়ে হয়।

বিয়ের পর থেকে শিশু তাসিন ববিতা বেগমের সঙ্গে মুরাদের বাড়িতে ছিল। ওইদিন মুরাদ মোটরসাইকেলে সারা দিন বিভিন্ন জায়গায় ঘুরে রাত ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় নামক স্থানে রাস্তার পাশের পুকুরে ফেলে দিয়ে চলে যান। বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুরে হাবুডুবু খেতে দেখে শিশু তাসিনকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান পার্শ্ববর্তী ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম। পরে ফুলবাড়ী থানার পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানা পুলিশের দায়িত্বে থাকা এস আই আব্দুর রহিম জানান, শিশুটিকে পানিতে ফেলে হত্যার চেষ্টাকারী সৎবাবা মুরাদ হোসেনকে লালমনিরহাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধারকারী আজিপুর ইসলামের অভিযোগের ভিত্তিতে সৎবাবা মুরাদকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে। শিশুটির মা, ভাই, নানিসহ পরিবারের লোকজন থানায় রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত