প্লট বরাদ্দে দুর্নীতি

হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:৫৫ এএম

ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট দুর্নীতির তিনটি মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। এ মামলাগুলোতে অভিযুক্ত রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ করবেন। 

গত ৩১ জুলাই আদালত পূর্বাচল প্রকল্পের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তাদের সন্তানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরপর তিনটি মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১১ আগস্ট  নির্ধারণ করা হয়।

অন্য তিন মামলায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ আগস্ট শুরু হবে।

গত ডিসেম্বরে পূর্বাচল প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ১২ জানুয়ারি পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে সংস্থাটি। পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। পরিবারের অন্য সদস্যরাও দেশের বাইরে।

অভিযোগ অনুযায়ী, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হয়েও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত