বাংলাদেশসহ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলবে যেসব দল

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০২:০০ পিএম

জাতীয় দলের পদাঙ্ক অনুসরণ করেই অনূর্ধ্ব-২০ নারী দলও এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। গতকাল দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে যাওয়ার পরও তারা প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয়  ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে চীনের কাছে ৮-০ গোলে লেবানন হেরে যাওয়ায়।

আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে হবে দ্বাদশ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। মোট ১২টি দল খেলবে এই টুর্নামেন্টে। আয়োজক হিসেবে থাইল্যান্ড আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল। বাকি ১১টি স্থান নিশ্চিত করতে বাছাইপর্বে লড়াই করেছে ৩৩টি দল। গতকাল রবিবার বাছাইপর্ব শেষে সেই ১১টি দল নিশ্চিত হয়েছে। এই ১২টি দলের মাঝে শুধু বাংলাদেশই প্রথমবার এশিয়ান কাপে খেলবে। বাকি দলগুলো নূন্যতম তিনবার করে এই আসরে খেলেছে।

আট গ্রুপের আট সেরা দল হিসেবে থাইল্যান্ডের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও উত্তর কোরিয়া। রানার্সআপদের মধ্যে পয়েন্ট ও গোল ব্যবধানে শীর্ষ তিনে উঠে এসেছে জর্ডান, বাংলাদেশ ও চাইনিজ তাইপে। ১২ দলের টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠা চার দল পাবে ২০২৬ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেই টিকিট।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দলসমূহ: বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে ও স্বাগতিক থাইল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত