পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্যসহ ২৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
দুর্নীতির দমন কমিশনের (দুদক) করা এই মামলায় আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
মামলার বাদী দুদকের সহকারী পরিচালক সালাউদ্দিন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম।
পিপি তরিকুল ইসলাম বলেন, পৃথক তিন মামলায় শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্যসহ মোট ২৩ আসামির বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন দুদকের সহকারী পরিচালক সালাউদ্দিন।
বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে তিনটি মামলার বাদীদের সমন জারি করা হয়েছে। বাদীরা হলেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।
গত ৩১ জুলাই এসব মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়। ওই দিন আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিনটি পৃথক মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, রাজউকের প্লট বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এ মামলাগুলো দায়ের করা হয়। বর্তমানে আদালতে সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচার প্রক্রিয়া এগোচ্ছে।
