ফাঁড়িতে নির্যাতনে যুবক নিহত

প্রধান আসামি বহিষ্কৃত এসআই আকবর জামিনে মুক্ত

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৭:৫৪ পিএম

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতন চালিয়ে যুবক রায়হান উদ্দিনকে হত্যা মামলার প্রধান আসামি পুলিশের এসআই (বহিষ্কৃত) আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্তি পেয়েছেন। উচ্চ আদালতের দেওয়া জামিনের আদেশের প্রেক্ষিতে গতকাল রবিবার সন্ধ্যায় তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান।

কারাগারের ডেপুটি জেলার মনিরুল হাসান সোমবার বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্চ আদালত থেকে দেওয়া জামিনের কাগজ রবিবার আমাদের কাছে পৌঁছে। এরপর আকবরকে মুক্তি দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, যুবক রায়হানকে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করা হয়েছিল, পরে তার মৃত্যু হয়। ওই সময় এই ফাঁড়ির ইনচার্জ ছিলেন এসআই আকবর হোসেন।

কারা সূত্র জানায়, এসআই আকবর গ্রেপ্তারের পর থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সিলেট কেন্দ্রীয় কারাগার-২ চালু হওয়ার পর গত ২৫ মার্চ তাকে সেখানে স্থানান্তর করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে যুবক রায়হান উদ্দিনকে আটক করে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

রায়হানের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ফাঁড়িতে রায়হানকে নির্যাতনের সত্যতা পায়। এর প্রেক্ষিতে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। 

পরে কনস্টেবল হারুনসহ ৩ জনকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। ওই বছরের ৯ নভেম্বর সিলেটের কানাইঘাটের সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় এসআই আকবরকে। 

২০২১ সালের ৫ মে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই। অভিযোগপত্রে এসআই আকবরকে প্রধান অভিযুক্ত করা হয়। অভিযুক্ত অন্যরা হলেন- এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস ও এসআই আকবরের আত্মীয় আবদুল্লাহ আল নোমান।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত