ফেনীর পরশুরামের উত্তর কেতরাঙ্গা সীমান্ত থেকে এক বৃদ্ধকে ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বৃদ্ধকে ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।
ফেরত আসা বৃদ্ধের নাম নুরুল ইসলাম (৬৩)। তিনি ফেনীর বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ার কোনা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সুলতান আহাম্মদ।
বিজিবি জানায়, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন এবং শারীরিক প্রতিবন্ধকতাও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে ২১৭৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে নুরুল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে যায়। দ্বিপাক্ষিক বৈঠকে ফেরত পাওয়ার পর বিজিবি তাকে তার ছেলে মো. নুর আলমের কাছে হস্তান্তর করে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী ব্যাটালিয়নের আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় আমরা দ্রুত পদক্ষেপ নিই এবং আলোচনার মাধ্যমে তাকে ফেরত আনা সম্ভব হয়।’
