সোনাগাজীতে শিশু শিক্ষার্থীকে বেদম মারধর করে বরখাস্ত মাদ্রাসা শিক্ষক

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১০:২০ পিএম

ফেনীর সোনাগাজীতে এক শিশু শিক্ষার্থীকে বেদম মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শুক্রবারে (৮ আগস্ট) ঘটলেও রবিবারে (১০ আগস্ট) দুপুরে সেটি জানাজানি হয়। অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মো. সাব্বির , তিনি ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক।

মারধরের শিকার শিশু শিক্ষার্থী তাহসিন (১১) হিফজ বিভাগের আবাসিক ছাত্র। ঠিক কি কারণে এমন মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে এ বিষয়ে মুখ খোলেনি শিশু তাহসিনের সহপাঠী এবং অভিযুক্ত শিক্ষক। এমনকি শিশুর পরিবারও মুখে কুলুপ এঁটেছে।

মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আফসার বলেন, “শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে দুষ্টামি করার অপরাধে শিক্ষক তাকে মারধর করেছে। ঘটনাটি জানার পর আমি এবং পরিচালনা কমিটির কয়েকজন ইতোমধ্যে শিশুটির বাড়িতে গিয়েছি এবং তার অভিভাবকদের সাথে কথা বলে দুঃখ প্রকাশ করেছি। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন জানান, ঘটনা জানাজানির পর পুলিশ মাদ্রাসা সুপারের সাথে যোগাযোগ করলেও কেউ থানায় অভিযোগ দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত