হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের গবেষণা উপপ্রকল্প বিষয়ে চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল সোমবার ইউজিসিতে শিক্ষকরা হিট প্রকল্পের আওতায় গবেষণা প্রস্তাবসংক্রান্ত তাদের কিছু পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট কয়েকটি দাবি উপস্থাপন করেন।
কমিশন কর্তৃপক্ষ শিক্ষকদের পর্যবেক্ষণ ও দাবিদাওয়া যাচাই-বাছাই করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন। প্রস্তাবিত গবেষণা উপপ্রকল্পগুলো প্রাতিষ্ঠানিক প্রকল্প, ব্যক্তিগত কোনো প্রকল্প নয়। সেজন্য নিজ নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের পর্যবেক্ষণ ও দাবিদাওয়া ইউজিসির কাছে পেশ করার পরামর্শ দেওয়া হয়।
সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালেকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম মাওলাসহ হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউজিসি জানিয়েছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে হিট প্রকল্প পরিচালিত হচ্ছে। ইউজিসি এ প্রকল্প বাস্তবায়ন করছে।
