সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাস সময় পেয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান ১৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটির প্রতিবেদন দাখিলের তারিখ ১২০ বারের মতো পেছাল। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
হত্যাকান্ডের ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম রোমান। শেরেবাংলা নগর থানা-পুলিশ, ডিবি ও র্যাবের পর এখন মামলাটির তদন্ত করছে পিবিআই।
গত বছরের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। ২৩ অক্টোবর মন্ত্রণালয় চার সদস্যের টাস্কফোর্স গঠন করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়।
