রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল সোমবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ডিএমপির জুলাই-২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, দীর্ঘদিন পর দেশে সুন্দর একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ওই নির্বাচনে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা উপস্থিত
থাকবেন। পুরো পুলিশ বাহিনীর মান-মর্যাদা পুনরুদ্ধারে সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগর এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, মোটরসাইকেল ব্যবহার করে রাজধানীতে অপরাধের ঘটনা বাড়ছে। এই প্রবণতা নিয়ন্ত্রণে কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। জনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ডিএমপির সব সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া অপরাধ সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে এবং সাধারণ জনগণের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। পুলিশ সদস্যদের মধ্যে সুসম্পর্ক ও বোঝাপড়া বাড়াতে হবে।
