মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দেশটির প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় দুই নেতার এই দ্বিপক্ষীয় বৈঠক হয়। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল ৮টার কিছু আগে (মালয়েশিয়ার সময় সকাল ১০টা) বৈঠকের তথ্য প্রকাশ করা হয়।
বৈঠকের আগে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অধ্যাপক ইউনূস। পৌঁছানোর পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ কার্যালয়ে তাঁকে স্বাগত জানান এবং উপস্থিত কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এর আগে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত, যেখানে উপস্থিত ছিলেন আনোয়ার ইব্রাহিম ও মুহাম্মদ ইউনূস।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি পৌঁছালে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। এ সময় তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
গত রবিবার প্রধান উপদেষ্টার সফরসূচি সম্পর্কে প্রেস সচিব শফিকুল আলম জানান, অভিবাসন ও বিনিয়োগ-সম্পর্কিত বিষয় এই সফরের অগ্রাধিকারে রয়েছে। আজকের বৈঠকের পর একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি তিনি একটি ব্যবসায়ী সম্মেলনেও যোগ দেবেন।
আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) থেকে তাঁকে সম্মানসূচক ডিগ্রি দেওয়ার কথা রয়েছে, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন। পুরো সফরকালে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভাতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা।
ভারতে পাচারের পর ৩ মাসে ২০০ জনের নির্যাতনে ক্ষতবিক্ষত বাংলাদেশি শিশু