বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে-বিদেশে নির্বাচনের ইতিবাচক খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে প্রস্তুত। আজ আমরা তার প্রমাণ দেখতে পাচ্ছি-জাপান থেকে বিশাল একটি ডেলিগেশন বাংলাদেশে বিনিয়োগের উদ্দেশ্যে এসেছে।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত 'বিনিয়োগ সম্মেলন ২০২৫'-এ প্যানেল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও বাজার বিশেষজ্ঞরা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র গড়ে তোলা সম্ভব নয়। টাকা না ছাপিয়ে, ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগমুখী অর্থনীতি গড়তে হবে।
আমীর খসরু বলেন, বাংলাদেশে যে সম্ভাবনা রয়েছে, সেটি কাজে লাগাতে বিদেশি অংশীদারিত্ব অত্যন্ত জরুরি। সামাজিক খাত ও অবকাঠামো উন্নয়নে সরকারের ব্যয় বাড়ানোর পাশাপাশি বিদেশি মূলধন প্রবাহ অর্থনীতিকে নতুন গতি দেবে। আগামী দিনের বাংলাদেশের জন্য বিনিয়োগ ও পুঁজিবাজারকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে।
ব্র্যাক ইপিএলের প্রধান নির্বাহী আহসানুর রহমানের স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএসইসি কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংকের চেয়ারপার্সন মেহেরিয়ার এম হাসান, ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও সিএসই চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।
সমাপনী পর্বে ব্র্যাক ইপিএলের চেয়ারপার্সন ফাহিমা চৌধুরী অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।
