বাকিতে সিঙ্গাড়া না দেওয়ায় দোকানিকে গুলি!

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পিএম

বাকিতে সিঙ্গাড়া না দেওয়ায় ওয়াসিম মিয়া (৪৪) নামের এক হোটেল দোকানিকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে গোলাপ মিয়া (২৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দোকানীকে বাঁচাতে গিয়ে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। 

বুধবার ( ১৩ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর নাপিতের বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত গোলাপ মিয়া সাদুল্যাপুর উপজেলার ঈদুলপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ মিয়া নাপিতের বাজার এলাকায় ওয়াসিম মিয়ার হোটেলে যায়। সেখানে গিয়ে গোলাপ মিয়া বাকিতে সিঙ্গাড়া চায়। এসময় ওয়াসিম মিয়া টাকা ছাড়া সিঙ্গাড়া দিতে অপারগতা প্রকাশ করে। এনিয়ে ওয়াসিম মিয়ার সঙ্গে গোপাল মিয়ার তর্ক হয়। এক পর্যায়ে গোলাপ মিয়া ক্ষুদ্ধ হয়ে আগ্নেয় অস্ত্র দিয়ে দোকানী ওয়াসিম মিয়াকে গুলি করে। এসময় ওয়াসিমকে বাঁচাতে গিয়ে সেলিনা বেগম নামের এক নারী গুলিবিদ্ধ হন। আশেপাশের লোকজন এগিয়ে আসলে গোলাপ ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, “ওয়াসিম মিয়া ও এক নারীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে, তা আটকের পর জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া যাবে। গোলাপকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত