পিআর পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে।
বুধবার (১৩ আগস্ট) বিকালে ছাত্র-গণঅভ্যুত্থান স্মরণে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় নেতা বলেন, আসন্ন নির্বাচন শুধু একটি নির্বাচন নয়; এটি বিপ্লব-পরবর্তী জন–আকাঙ্ক্ষার প্রতিফলনের সুযোগ। ফ্যাসিস্টদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়েই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
তিনি বলেন, রাষ্ট্রের সংস্কার নয়, শুধু নির্বাচন সংক্রান্ত যেসব সুপারিশ অতি জরুরি, অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত, সেগুলোর সংস্কার করে নির্বাচন দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া জামায়াতে ইসলামী নির্বাচনের পক্ষে নয়।
জুলাই ঘোষণাপত্রকে একটি অসম্পূর্ণ দলিল আখ্যা দিয়ে তিনি বলেন, এর কিছু অংশ বিপজ্জনক। এতে ৪৭ অনুপস্থিত, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান নাই। দেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জুলাই ঘোষণাপত্রে হয় নাই। শুধু একটি দল ছাড়া কেউ এই ঘোষণাপত্রকে স্বাগত জানায়নি।
জেলা আইনজীবি অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
