স্ট্যান্ডার্ড চার্টার্ডে দক্ষিণ এশিয়া প্রধানের বাংলাদেশ সফর

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১২:০৫ এএম

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পি. ডি. সিং সম্প্রতি বাংলাদেশ সফর করেন। তিনি চলতি বছরের এপ্রিলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভারত ও দক্ষিণ এশিয়ার সিইও হিসেবে নিয়োগ পান। বর্তমান পদে তিনি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের কার্যক্রম পরিচালনা করছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পি. ডি. সিং স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগদানের আগে জে.পি. মর্গানের ভারত চ্যাপ্টারের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ব্যাংকের করপোরেট ব্যাংকিং ফ্র্যাঞ্চাইজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে, ব্যাংকটি একাধিক আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছে। জে.পি. মর্গানের আগে তিনি এইচএসবিসির করপোরেট ও কমার্শিয়াল ব্যাংকিংয়ে এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন সিনিয়র পদে কাজ করেন। তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়াও দুটি এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি আর্থিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বাংলাদেশ সফরকালে পি. ডি. সিং গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা ও ক্লায়েন্টসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি শীর্ষ ব্যবসায়ী ও করপোরেট নেতারা, বিভিন্ন চেম্বারের প্রধান, অর্থনীতিবিদ, বহুপক্ষীয় প্রতিষ্ঠানের প্রধান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন। তিনি বাংলাদেশের সম্ভাবনা ও উন্নয়নযাত্রা নিয়ে মত প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে, দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পি.ডি. সিং বাংলাদেশের এই সম্ভাবনাকে চূড়ান্ত সাফল্যে রূপান্তরিত করার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, ‘পি. ডি. সিং-কে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত।

তার এই সফর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশের বাজারে দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ। পি.ডি. সিং-এর নেতৃত্বের অভিজ্ঞতা ও আঞ্চলিক দৃষ্টিভঙ্গি ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধি এবং বাংলাদেশের ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত