রোমাঞ্চকর ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে পিএসজি। ম্যাচের ৮৫তম মিনিটে লি কাং-ইন এবং ৯৪ মিনিটে গন্সালো রামোসের গোলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেই পর্বে ৪-৩ ব্যবধানে নাটকীয়ভাবে শিরোপা জিতে নেয় প্যারিসের ক্লাবটি। কিন্তু কোচ লুইস এনরিকে অকপটেই বলেছেন, এই শিরোপা তাদের প্রাপ্য ছিল না!
ক্লাব বিশ্বকাপ খেলার পরই বিশ্রামের বদলে অনুশীলনে ঝাঁপিয়ে পড়েছিল পিএসজি। বিশ্রাম-বিরতির সময় খুব বেশি ছিল না। তাই ম্যাচের পর নিজের সত্যিকারের ভাবনাই জানালেন পিএসজি কোচ, ‘৮০ মিনিট ধরে জয়টা আমাদের প্রাপ্য ছিল না। আমার মনে হয়, ম্যাচে জয়টা টটেনহ্যামের প্রাপ্য ছিল, কারণ তারা ফর্মে ছিল, ছয় সপ্তাহ ধরে অনুশীলন করছিল এবং দারুণ একটি ম্যাচ তারা খেলেছে। আমরা কেবল ছয় দিন অনুশীলন করেছি। তবে কখনও কখনও ফুটবল এরকমই অন্যায্য। আমাকে বলতেই হবে, শেষ ১০ মিনিটে আমরা সৌভাগ্যবান ছিলাম যে দুটি গোল করতে পেরেছি।’
পিএসজি অধিনায়ক মারকিনহোসও বিশ্বাস করতে পারছিলেন না যে, তারা শিরোপা জিতেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এভাবে জিততে পারা অবিশ্বাস্য। এই দল আরও একবার নিজেদের মানসিকতা মেলে ধরেছে, যদিও শারীরিকভাবে আমরা খুব ভালো অবস্থায় ছিলাম না। বদলি খেলোয়াড়দের মাধ্যমে আমরা শেষ মুহূর্তে গোল আদায় করতে পেরেছি। টাইব্রেকারে তো আমাদের এমন ফুটবলার আছে, যারা খুব ভালো পেনাল্টি নেয়। এছাড়া এমন একজন গোলকিপারও আছে, যে আমাদেরকে সহায়তা করেছে।’
‘নাল্লি গোশত বিরিয়ানি আর পায়া খেয়ে সিরাজের শরীরে এত শক্তি’
সালাহর প্রতিবাদের পর ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে সরব হলো উয়েফা