তারাগঞ্জে ২ জনকে পিটিয়ে হত্যা

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দুই মানবাধিকার সংগঠনের  

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:০৪ পিএম

রংপুরের তারাগঞ্জে ভ্যানচোর সন্দেহে নিরপরাধ রূপলাল দাস (৪০) ও প্রদীপ দাস (৩৫) হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দুই মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে দুই মানবাধিকার সংস্থা জড়িতদের আইনের আওতায় আনা, তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করাসহ দুই পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানায়।

বিবৃতিতে ব্লাস্ট বলেছে, এ ঘটনায় পুলিশ যথাযথ দায়িত্ব পালন না করে কর্তব্যে অবহেলা করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ৮ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার একটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলেও, এর পাশাপাশি এ ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে ব্লাস্ট।

এইচআরএসএস’র বিবৃতিতে বলা হয়, তারাগঞ্জে ভ্যানচোর সন্দেহে দুই নিরপরাধ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনাটি মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসনে জন্য এক গুরুতর হুমকি। এই ঘটনায় নিহতরা হাতজোড় করে প্রাণভিক্ষা চাইলেও উত্তেজিত জনতা কোনো অনুরোধ শোনেনি এবং পুলিশের উপস্থিতিতেও উদ্ধার কার্যক্রম বিলম্বিত হওয়ায় মূল্যবান দুটি প্রাণ হারাতে হলো।

এইচআরএসএস এ ঘটনায় নিন্দা জানিয়ে বলে, অপরাধের অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক, পুলিশ জীবিত অবস্থায় ভিকটিমদের দেখে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় দায়িত্বে চরম অবহেলার পরিচয় দিয়েছে, জনতার হাতে নিরপরাধ মানুষ নিহত হওয়া একটি ভয়ঙ্কর সামাজিক ব্যর্থতা, যা অবিলম্বে রোধ করা জরুরি। গণপিটুনিতে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে এইচআরএসএস। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত