রাষ্ট্রবিরোধী কর্মকান্ড

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৫:৫২ এএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে ‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্র্বর্তী সরকারকে উৎখাতসহ রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের অভিযোগে দাখিলকৃত প্রতিবেদন আমলে নিয়েছে আদালত। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. এনামুল হকের  প্রতিবেদনটি আমলে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ১১  সেপ্টেম্বর গ্রেপ্তার বিষয়ক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।

সিআইডি চলতি বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে এ মামলাটি করে। মামলার অভিযোগ বলা হয়, গত বছর ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের বৈঠকে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতকরণের জন্য  শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ওই জুম মিটিংয়ে অংশ নেন এবং শেখ হাসিনার সব নির্দেশ পালন করার বিষয়ে একাগ্রচিত্তে মত প্রকাশ করেন।

এজাহারে বলা হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলমের হোস্টিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং  হোস্ট, কো-হোস্ট ও অংশগ্রহণকারী নেতাকর্মীদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনায় ‘জয় বাংলা ব্রিগেড’ নামের প্ল্যাটফর্মে দেশ/বিদেশ থেকে অংশগ্রহণকারীরা  বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবেন না বলে আলোচনা হয়। সেই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম মিটিংয়ে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহ অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে। মামলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলমসহ ৭৩ জনের নাম দিয়ে মোট ৫০৩ জনকে আসামি করা হয়, যারা শেখ হাসিনার সঙ্গে অনলাইন মিটিংয়ে অংশগ্রহণ করেছিল বলে পুলিশের ভাষ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত