জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ২০১০ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে শুধু উচ্ছেদের রায় নয়, তাকে বাড়ি থেকে বের করে দিতে বলেছিলেন এবিএম খায়রুল হক। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘বিচারকাজে সৃষ্ট বিশৃঙ্খলার প্রতিবাদ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে’র দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, “২০১০ সালে খায়রুল হক প্রধান বিচারপতি থাকাবস্থায় ক্ষমতার অপব্যবহার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের রায় দিয়ে শেখ হাসিনার ইচ্ছাপূরণ করেছিলেন। খালেদা জিয়াকে বের করে দেওয়ার দিন আমরা তার (খায়রুল হক) কাছে গিয়েছিলাম। বলেছিলাম, আমাদের কথা শোনেন। কিন্তু তিনি আমাদের শোনেননি। তিনি বলেছিলেন, ‘শুনতে হবে না, বলে দিয়েছি’।” তিনি বলেন, ‘পরে আমরা জানতে পারি তিনি (খায়রুল হক) নিজেই খালেদা জিয়াকে বের করে দিতে বলেছিলেন।’
অ্যাডভোকেট জয়নুল আবেদীন লিখিত বক্তব্যে খায়রুল হকের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল, সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের রায়, স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অস্বীকৃতি, প্রধান বিচারপতি থাকাকালে আগাম জামিন সীমিত করা এবং বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান থাকাকালে সরকারি প্লট বরাদ্দ নিতে অনিয়ম, ত্রাণ তহবিলের অর্থ নেওয়াসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানান।
