ঢাবির হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে : রাকিব

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:২১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত হলগুলো কমিটি বিদ্যমান থাকবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং ডাকসুকেন্দ্রিক ছাত্ররাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রাকিব বলেন, ‘প্রশাসনের সঙ্গে হলগুলোয় ছাত্ররাজনীতির ধরন নিয়ে হওয়া বৈঠকের আপডেট জানতেই গতকাল বৃহস্পতিবার আমরা সাক্ষাৎ করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হলপর্যায়ে ছাত্ররাজনীতির প্রকৃতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ততদিন পর্যন্ত আমাদের হল কমিটিগুলো বহাল থাকবে।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোয় গুপ্ত ছাত্ররাজনীতির প্রতি অনীহা দেখিয়েছে। গুপ্ত ছাত্ররাজনীতি বন্ধে তারা কাজ করবে বলে আমাদের জানিয়েছে। একই সঙ্গে আমরা দাবি জানিয়েছি, চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন জানিয়েছে, শাহবাগ থানায় হওয়া মামলায় নতুন অভিযুক্ত যুক্ত করার বিষয়ে তারা কাজ করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত