রোগীদের ভোগান্তি দূর করতে ও ভিড় এড়াতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করেছে। একই সঙ্গে দেশে এই প্রথমবারের মতো ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রেডিওথেরাপির চার্ট রাউন্ড শুরু করেছে বিশ্ববিদ্যালয়।
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেবা চালুর ফলে এখন আর সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে ও কনট্রাস্ট এক্স-রে করানোর জন্য রোগীদের ভোর থেকে এসে লাইনে দাঁড়াতে হবে না। আগেভাগেই অনলাইনে নাম লিখিয়ে নির্দিষ্ট দিন ও সময়ে এসে পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন। অন্যদিকে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রেডিওথেরাপির চার্ট রাউন্ড শুরুর ফলে ক্যানসারের রোগীরা অনলাইনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাবেন।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে এ দুটি সেবার উদ্বোধন করেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
পরীক্ষা-নিরীক্ষার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট : এ ব্যাপারে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবা খাতুন জানান, বর্তমানে রোগীরা রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের মোট পরীক্ষার ৫০ শতাংশ অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং পর্যায়ক্রমে রোগীদের সুবিধা অনুযায়ী এটা ১০০ শতাংশে উন্নীত করা হবে।
আইসিটি সেল থেকে জানানো হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িনসঁ.ধপ-তে প্রবেশ করে অ্যাপয়েন্টমেন্ট মেন্যুতে ক্লিক করলে ‘ফর রেডিওলজি অ্যান্ড ইমেজিং’ লেখা মেন্যু আসলে সেখানে ক্লিক করার পর অ্যাপয়েন্টমেন্ট ফরম আসবে এবং সেটি পূরণ করার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার প্রয়োজন অনুযায়ী সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, কনট্রাস্ট এক্স-রে পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন। রোগীরা পরবর্তী তিন কর্মদিবস পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।
