চুরি হয়ে যাচ্ছে সেতুর বিয়ারিং প্যাড, ঝুঁকিতে যান চলাচল

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:৩২ এএম

কিশোরগঞ্জ-হোসেনপুর-ভালুকা মহাসড়কের পুরনো ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত সেতুর মাঝখান থেকে ব্রিজ বিয়ারিং প্যাড চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এতে করে এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন শত শত ভারী যানবাহন ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে।

জানা গেছে, এই সেতুটি পূর্ব ও পশ্চিমবঙ্গের মধ্যে দ্রুত সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ককে ময়মনসিংহের ভালুকার সঙ্গে সংযুক্ত করে গাজীপুর, মাওনা ও ভালুকা শিল্পাঞ্চলের পণ্যবাহী ট্রাকগুলো যানজট ছাড়াই চট্টগ্রাম ও সিলেট অভিমুখে চলাচল করতে পারছে। কিন্তু সেতুর নিরাপত্তাহীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে তা এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিয়ারিং প্যাড চুরি যাওয়ায় সেতুর নির্দিষ্ট স্থানটি ফাঁকা হয়ে গেছে এবং প্রতিদিন সেটি আরও বড় হচ্ছে। বিয়ারিং প্যাড একটি সেতুর ভার সঠিকভাবে বণ্টন, ভূমিকম্প প্রতিরোধ এবং তাপমাত্রা পরিবর্তনের সময় সেতুকে সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এটি না থাকায় সেতুটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সেতুটি দুই দশক আগে নির্মাণ করা হলেও এর রক্ষণাবেক্ষণের তেমন কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছেন যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, সেতুর নিচের বেসমেন্টের মাটি সরে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কোনো নজর নেই।

স্থানীয়রা আরও জানান, ব্রহ্মপুত্র নদের আশপাশের এলাকাগুলোতে বালু ও মাটি খনন বন্ধের সরকারি নিষেধাজ্ঞা থাকলেও প্রভাবশালীদের ছত্র ছায়ায় সেতুর কাছ থেকেই নিয়মিত বালু ও মাটি কেটে নেওয়া হচ্ছে, যা সেতুর স্থায়িত্বের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। সেতুর নিচের এলাকা মাদকসেবীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলেও অভিযোগ রয়েছে। যদিও এলাকাটি পাগলা থানার আওতায় থাকায় এখানে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে। তবুও নিয়মিত টহল বা নজরদারি নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার সাদ্দাম হোসেন বলেন, ‘চুরি হওয়া বিয়ারিং প্যাড দ্রুত লাগানোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সেতুতে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থাও স্থাপন করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত