ডাকসু নির্বাচন

‘জুলাই অভ্যুত্থানের আসামিরা ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবে না’

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জুলাই অভ্যুত্থানে হামলাকারী ও মামলার আসামিরা প্রার্থী বা ভোটার হতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

শুক্রবার (১৫ আগস্ট) ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। 

অধ্যাপক জসীম বলেন, ভোটের আগের দিনও যদি কোনো আসামি শনাক্ত হন, তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

২০২৪ সালের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সদস্যদের দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। পরবর্তীতে এ আন্দোলন সরকারবিরোধী রূপ নেয় এবং গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে ১২২ শিক্ষার্থী ও ৭০ শিক্ষকের সম্পৃক্ততা পাওয়া গেছে।

ডাকসু নির্বাচনের ভোট আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ ১৮ আগস্ট পর্যন্ত এবং জমা দেওয়া যাবে ১৯ আগস্ট পর্যন্ত। এখন পর্যন্ত ৪২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে, যার মধ্যে ৭টি জমা পড়েছে। ভিপি পদে ১০টি এবং হল সংসদের বিভিন্ন পদে ২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তবে শুক্রবার কোনো মনোনয়নপত্র বিক্রি হয়নি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত