নির্বাচন ফেব্রুয়ারিতেই এমন কোনো শক্তি নেই প্রতিহত করবে

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৭:২৭ এএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাধাগ্রস্ত করার মতো কোনো শক্তি নেই। নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছি এবং সবার সহযোগিতায় তা সম্ভব হবে বলে আশা করছি।’

গতকাল শুক্রবার দুপুরে মাগুরা শহরের পারনদুয়ালী এলাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি এবং আল-আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশে বর্ষা মৌসুম জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে। বর্ষা শেষ হলে পাড়ায়-মহল্লায় নির্বাচনের উৎসাহ ছড়িয়ে পড়বে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাবেন। পাড়ায় পাড়ায় ভোটের অফিস গড়ে উঠবে। এ নির্বাচনী আমেজ সারা দেশে ছড়িয়ে পড়বে। আমরা নিশ্চিত, তখন যদি কারও মনে কোনো সন্দেহ থাকে, তা দূর হয়ে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘যারা জীবন দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, তাদের মর্যাদা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। আওয়ামী লীগ-যুবলীগের হাতে শহীদ মেহেদী হাসান রাব্বি ছিলেন ছাত্রদলের স্থানীয় নেতা। আমি তার কবর জিয়ারত করেছি। একই এলাকার আল-আমিন, একজন ছোট ব্যবসায়ী, ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তার কবর মাগুরার উপকণ্ঠে অবস্থিত, সেখানেও আমি ফুল দিতে গিয়েছিলাম। মাগুরায় মোট ১০ জন শহীদের কবর রয়েছে, বাকি ৮ জনের কবরস্থানেও আমি যাব।’

তিনি আরও বলেন, ‘এ শহীদরা নতুন বাংলাদেশের স্রষ্টা। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটি নতুন দেশ পেয়েছি। তাদের কারণে আমরা আজ মুখ ফুটে কথা বলতে পারছি। আমরা এখন রাজনৈতিক স্থিতিশীলতার পথে রয়েছি। সামনে একটি সুন্দর নির্বাচন হতে চলেছে। শহীদদের কারণে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত