ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ‘ইউনূস সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই সংস্কার নিয়ে অনেকেই সোচ্চার। অনেক দল যারা গণমানুষের দল হিসেবে দাবি করে, প্রকৃতপক্ষে তারা মানুষের দল হিসেবে কাজ করছে বলে মনে হচ্ছে না। সংস্কারের নামে দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ফ্যাসিবাদী শক্তিকে আরও শক্তিশালী করার সুযোগ করে দিচ্ছে। আমি তাদের অনুরোধ করব, তারা যেন সংস্কারের নামে দেশকে বিপদে না ফেলে।’
গতকাল শনিবার বিকেলে রাজধানী উত্তরা নতুন সেক্টর তুরাগ থানা মৎস্যজীবী দলের উদ্যোগে ‘উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা, সামাজিক ও ব্যবসায়ীদের পরিস্থিতি অনুধাবন করতে পেরেছেন। নির্বাচন কেন দরকার সে বিষয় ড. মুহাম্মদ ইউনূস সাহেবকে বোঝাতে সক্ষম হয়েছেন। তাই দেশ এখন নির্বাচনের পথে হাঁটছে। তারেক রহমান চান সব দল অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন হোক। কিন্তু কয়েকটি দল বুঝে না বুঝে সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো বা বন্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে; যা অত্যন্ত দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান কখনো একা বা কাউকে রেখে নির্বাচনের অংশগ্রহণ করতে চান না। তিনি সব দলকে আহ্বান জানিয়েছেন। আমরাও আপনাদের আহ্বান জানাতে চাই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির ও সঞ্চালনা করেন সদস্য সচিব মো. বাকী বিল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন। অনুষ্ঠান শেষে দিয়াবাড়ি খালে মাছের পোনা অবমুক্ত করা হয়।
