আর্টসেলকে ১২ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৪:৪৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ১৫ আগস্ট আয়োজিত ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’ শীর্ষক অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের পারফর্ম করার কথা থাকলেও হঠাৎ করে আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিলের ঘোষণা দেয় ব্যান্ডটি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আয়োজক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আয়োজিত কনসার্টের শেষ মুহূর্তে বাতিল করায় ব্যান্ড আর্টসেল ও তাদের গায়ক লিংকনকে ১৪ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেছে রাবির সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। ১২ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন এই সাবেক সমন্বয়ক। 

শনিবার (১৭ আগস্ট) সাবেক সমন্বয়ক ও আয়োজক কমিটির সদস্য সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, কালচারাল ফ্যাসিস্ট আর্টসেল ও  লিংকন আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন, ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন। মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ তালিকা দেওয়া হয়েছে। এটা না দিলে কোন কোন আইনে মামলা হবে সেটার তালিকা আমরা প্রস্তুত করছি এবং আগামীর কানাডা সফর বাতিলের আওয়াজ তুলব আমরা। 

তিনি আরও লিখেছেন, তাদের (আর্টসেল) ম্যানেজারের সাথে কথা বললে সে জানায় এটাকে সে মিডিয়ার সামনে চাদাবাজি হিসেবে আনবে, আমি এখানে ওপেন ডিকলারেশন দিচ্ছি- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে যোগাযোগ মেইনটেইন করে শেষ মূহুর্তে কনসার্ট বাতিল করছো। তোমাদের টাকা নিয়ে ক্যাম্পাসে কুকুরগুলোকে খাওয়াব। আর এটা চাদাবাজি হিসেবে সামনে আনলে আনো। তোমার কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত