রিজভী বললেন

আ.লীগ আমলের সেই কর্তাদের দিয়ে  ভোট সুষ্ঠু হবে না

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫১ এএম

আওয়ামী লীগ আমলে যাদের প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছিল আগামী নির্বাচনে তাদের বাদ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের আমলে ১৬ হাজার ৩৯৯জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছিল। এরমধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ হচ্ছে আওয়ামী লীগের খাস, তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং অফিসার হয়, প্রিসাইডিং অফিসার হয় তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? হবে না।’

গতকাল সোমবার দুপুরে শেরে বাংলা নগরে সাবেক সাংসদ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে নীলফামারী জেলা আহ্বায়ক কমিটি (আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল) নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের কাছে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘এরা তো গায়ের জোরে নিয়োগ পেয়েছে। এরা কোনো মেধার প্রতিযোগিতা না করে নিয়োগ পেয়েছে। একমাত্র তাদের ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার, চাকরি পাওয়ার। সে ছাত্রলীগ করে কি না? সে যুবলীগ করে কি না? সে আওয়ামী লীগ করে কি না? এভাবেই তারা (আওয়ামী লীগ সরকার) প্রশাসন সাজিয়েছে। এদের প্রশাসন থেকে ক্লিন করতে হবে, ভোট প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা চাই না, বিএনপির লোকজনকে বেছে বেছে দিতে হবে। আমরা চাই, যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে ভায়াসড না। এ রকম ব্যক্তিদের পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার করা উচিত। কারণ ১৫/১৬ বছরের প্রশাসন, পুলিশ প্রশাসনে ছিল সব আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না।’

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন. ‘আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি তারা এসব বিষয় মনোযোগ দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন। যাতে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারেন সেই কাজটি তারা করবেন।’

একই সঙ্গে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান রেখে বলেন, ‘এখন নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে দেশে নাশকতার চেষ্টা করছে। তাদের আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে। আপনারা দেখেছেন এরমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে তারা আরও কত ধরনের কাজ করছে, সবাইকে সতর্ক থাকতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত